ইবিটাইমস ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলার আলিখালী সংলগ্ন এলাকায় গতকাল দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঢাকা/এসএস




















