শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ বিষয়ক সেমিনার, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। পরে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর ইএসআরএম বিভাগের সেমিনার হলে “Inspired by Nature. For Climate. For Our Future” শীর্ষক পরিবেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তন আজ আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি বর্তমান বিশ্বের অন্যতম বড় বাস্তবতা। পরিবেশ সংরক্ষণে কেবল সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। একটি গাছ রোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণের মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারি। বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন ও পূবালী ব্যাংকের আঞ্চলিক প্রধান ডেপুটি জেনারেল ম্যানেজার মো. বেল্লাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মাহমুদা বিনতে লতিফ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসআরএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল্লাহ।
সেমিনারে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন গবেষণা ও করণীয় তুলে ধরা হয়। বক্তারা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে বিশ্ববিদ্যালয় পরিবারের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















