চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা জেলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করা হয়।
মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন টিপু।
এছাড়াও অনুষ্ঠানে চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় ভূমি মালিকেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, ‘ডিজিটাল ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে। হয়রানি ও ভোগান্তিহীনভাবে ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা যেন নাগরিকেরা সহজে পেতে পারেন, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।’
সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন জানান, মেলা চলাকালীন স্পটেই ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ধরনের পরামর্শ ও সেবা সরাসরি প্রদান করা হবে।
মেলা প্রাঙ্গণে স্থানীয় ভূমি মালিকদের ভিড় লক্ষ্য করা গেছে। আগত সেবাগ্রহীতারা হাতের কাছে এমন সমন্বিত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস


















