দীর্ঘ দুই বছর পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অত্যন্ত জাঁকজমক ভাবে নববর্ষ উদযাপন করা হয়েছে

ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) ঘড়ির কাটা রাত ১২ টা অতিক্রম করার সাথে সাথে সমগ্র ভিয়েনা নববর্ষের আতশবাজির ঝলকানিতে উজ্জ্বল হয়ে উঠে। সমগ্র অস্ট্রিয়াতেই দীর্ঘ দুই বছরের বিরতির পর কোন বিধিনিষেধ ছাড়াই নববর্ষ উদযাপিত হলেও রাজধানী ভিয়েনা ছিল মূলত প্রধান আকর্ষণ।
বৈশ্বিক মহামারী করোনার জন্য গত দুইটি নববর্ষে কঠোর বিধিনিষেধ থাকায় সকলে ঘরোয়া ভাবে উদযাপন করেন। তবে এই বছর নববর্ষে কোন বিধিনিষেধ না থাকায় ভিয়েনায় বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরাও তাদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে রাস্তায় নেমে আসেন এবং প্রায় ঘন্টা দুয়েক ভিয়েনার নববর্ষের আতশবাজি প্রত্যক্ষ করেন। তাছাড়াও গতকাল নববর্ষের রাতে প্রায় অধিকাংশ পরিবারেরই ছিল ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠান।
এদিকে ভিয়েনার রাজ্যের পুলিশ প্রশাসন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভিয়েনা অত্যন্ত ঝাঁকজমক ভাবে নববর্ষ উদযাপন সম্পন্ন হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ভিয়েনায় আনুমানিক ৮ লাখের ওপরে মানুষ রাস্তায় নেমে নববর্ষ উদযাপন করে। অধিকাংশ মানুষই রাত দুইটা পর্যন্ত রাস্তায় ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রাজধানী ভিয়েনার ফ্রি মেট্রোরেল পত্রিকা Heute একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে জানায় ঠিক নববর্ষের উদযাপনের সময়ে অস্ট্রিয়ান এয়ারলাইনস থেকে তোলা এক ভিডিওতে ভিয়েনার নববর্ষ উদযাপনের এক অপরূপ স্কাই ভিউ ধরা পড়েছে। পত্রিকার একজন নিয়মিত পাঠক ভিডিও ফুটেজটি পাঠিয়েছে বলে জানায় পত্রিকাটি।
এদিকে গতকাল নববর্ষ উপলক্ষে ভিয়েনায় সারারাত সাধারণ গণপরিবহন খোলা রেখেছিল ভিয়েনার গণপরিবহন সংস্থা ভিনার লিনিয়েন। ফলে গভীর রাত পর্যন্ত মানুষ নববর্ষ উদযাপনের জন্য রাস্তায় থাকলেও পরে বাড়ি ফিরতে তেমন কোন অসুবিধায় পড়তে হয় নি।
কবির আহমেদ/ইবিটাইমস

























