জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মো. ফারুক নামে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমারখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ওই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০২৩ এর ৪ ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়। কারণ অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং ভাঙনসহ নানা পরিবেশগত ঝুঁকি তৈরি হয়। নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















