মো. নাসরুল্লাহ, ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চার হাজার ২৫২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে তিন হাজার ৬৪৫ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন থেকে ৬০৭ কোটি ৪৫ লাখ টাকা পাওয়া যাবে।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
সভা শেষে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে শ্রমবাজারের অংশগ্রহণ বেড়েছে। দেশে ৭ কোটি ৭৮ লাখ কর্মী রয়েছেন। তারমধ্যে ৪২ শতাংশ নারী। বেকারত্বের হার ৩ দশমিক ৬ শতাংশ। আন্তর্জাতিক মানদণ্ডে হিসাব করা হয়েছে। দারিদ্র্যের হার কমেছে এ ছাড়াও ৩১টি ওয়ার্ডে জরিপে বিবাহবিচ্ছেদের হার কমেছে। স্কুল থেকে ঝরে পড়ার হার ৬২.৮২ শতাংশ এখন কমে ৫৮ শতাংশ। কর জিডিপি অনুপাত ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ৭.৯ শতাংশ, ভারত ৭.৮ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি মার্চে সামান্য বেড়েছে এবং ওই মাসেই মূল্যস্ফীতির হার ছিল ৯.৩৩ শতাংশ। দশমিক ৭ শতাংশ মজুরির হার বেড়েছে।
বৈঠক বেশ কয়েকটি অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো হলো: ১. গৃহে কাজ করা নারীদের অর্থনীতিতে জিডিপির হিসাবে আনা। ২. শিক্ষাপ্রতিষ্ঠানে টয়লেটের ব্যবস্থা করতে হবে। ৩. এনজিওগুলোর প্রকল্পের সাইনবোর্ডে সরকারি অনুমোদনের বিষয় উল্লেখ করতে হবে। ৪. ভবিষ্যতে ফসলের জমি প্রকল্পে অধিগ্রহণ করা হবে না। ৫. হাওড়ে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তা নির্মাণ করা যাবে না। ৬. আঞ্চলিক সড়ক টোলের আওতায় আনার নির্দেশ।
একনেক সভায় বঙ্গবাজারের আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা/ইবিটাইমস/আরএস





















