ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই মেসির গোল, আর সেই প্রত্যাবর্তন ম্যাচে আর্জেন্টিনার বড় জয়। লিওনেল মেসির জাদুকরী ফেরাকে সামনে রেখে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বটা দারুণভাবে শেষ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের আগে নিজেদের দুই প্রস্তুতি ম্যাচের দুটোই শেষ আর্জেন্টিনার। দুই ম্যাচের একটিতেও গোল খায়নি লিওনেল মেসির দল। দুই ম্যাচেই পেয়েছে একটি করে পেনাল্টি। হন্ডুরাসের বিপক্ষে ২-০ আর আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দুই জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা।
বুধবার (১০ জুন) সকালে অ্যালাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে আকাশি-সাদাদের এগিয়ে দিয়েছিলেন ভালেন্তিন বার্কো। ম্যাচের শুরুতেই কিছুটা চাপে পড়েছিল আর্জেন্টিনা। তবে খেলার প্রথম কয়েক মিনিটে সহজ একটি সুযোগ নষ্ট করে আইসল্যান্ড। পরে অবশ্য এর জন্য তাদের জন্য বড় মূল্য দিতে হয়। ম্যাচের ৮ম মিনিটে দূরপাল্লার এক অসাধারণ শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ভ্যালেন্তিন বারকো।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই ম্যাচে প্রভাব ফেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই তার নিখুঁত পাস থেকে পেনাল্টি আদায় করেন লাওতারো মার্তিনেজ। স্পট কিক থেকে কোনো ভুল না করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
এরপর ম্যাচের শেষ দিকে মেসি ও মার্টিনেজের চমৎকার পাসিং সমন্বয়ে তৈরি হওয়া আক্রমণ থেকে তৃতীয় গোলটি করেন থিয়াগো আলমাদা। তার গোলেই ৩-০ ব্যবধানে নিশ্চিত হয় আর্জেন্টিনার জয়।
বিশ্বকাপের আগে এই দাপুটে জয় আর্জেন্টিনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে।




















