শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলায় নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়ন ও পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি’র শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান এর সভাপতিত্বে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, ভোলা জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল বিভাগের মধ্যে পরীক্ষামূলকভাবে ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে ৪৮৬টি পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। এ কার্যক্রমের সফল সূচনা হিসেবে পাইলটিং পর্যায়ে ২৮৮ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। তবে ৫০ জনের মোবাইল ব্যাংকিংয়ের ঝামেলা থাকার কারনে আজকে ২৩৩ জনের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশে আর্থিক সহায়তা প্রদান করা হবে। উদ্বোধনী
অনুষ্ঠান শেষে অতিথিদের হাত থেকে ২৮৮টি পরিবারের নারীরা ফ্যামিলি কার্ড গ্রহণ করেন। একই সঙ্গে ২৩৩ পরিবারের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















