ঢাকা: মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন লগ্নে যুক্তরাষ্ট্রের এমন একটি সিদ্ধান্তে আমরা বিস্মিত এবং ব্যথিত হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তদেশের ভিতরে জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে। আমাদের বিশ্বাস মার্কিন প্রশাসন তাদের এ অযৌক্তিক এবং একপেশে সিদ্ধান্ত থেকে সরে আসবে।
ওবায়দুল কাদের রোববার সচিবালয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, র্যাব একটি এলিট ফোর্স হিসেবে কাজ করছে, সাম্প্রতিক জঙ্গিবাদ দমনে এই বাহিনী অত্যন্ত পেশাদারীত্বের পরিচয় দিয়ে কাজ করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ বাহিনীর কেউই আইনের উর্ধ্বে নয়। নারায়ণগঞ্জর ঘটনায় এ বাহিনীর অন্তত সাত জন মৃত্যুদন্ডে দন্ডিত হয়েছিলো। কোন অভিযোগ থাকলে বাহিনী নিজে কিংবা মন্ত্রণালয় তদন্ত পূর্বক ব্যবস্থা নিচ্ছে।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, দুদকযে কোন তদন্ত কাজ চালিয়েযেতে স্বাধীন ভূমিকা পালন করছে। কিন্তু ঢালাও ভাবে অভিযোগ এনে একটি বাহিনীর প্রধান এবং সাবেক কর্মকর্তাদের চিহ্নিত করে নিষেধাজ্ঞা প্রদান অযৌক্তিক। মানবাধিকারের কথা বললেও প্রকৃতপক্ষে এ ধরনের সিদ্ধান্তই এক ধরনের মানবাধিকার লঙ্ঘন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যাদেরদেশে বিচারবহির্ভূত হত্যাকান্ড নিয়ে সাধারণ মানুষ দিনের পর দিন বিভিন্ন সিটিতে রাস্তায় নামে,তাদের অন্যদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েকোন ধরনের বক্তব্য গ্রহনযোগ্য নয়।
তিনি বলেন, আমরা নিশ্চিত এ সিদ্ধান্তের গভীরে বাংলাদেশ বিরোধী কিছু ব্যক্তি বা অপশক্তির রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্ট বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র অতীতেও কাজে আসেনি উল্লেখ করে তিনি আরো বলেন, শূন্যতা থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র থাকা সত্বেও।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অব্যাহত অগ্রযাত্রা তা অনেকেই মেনে নিতে পারছেননা, তারা এ জনপদ নিয়ে ষড়যন্ত্র করতে চায়। তিনি বলেন, প্যালেস্টাইনে ইসরাইল যখন নির্বিচারে অবলা নারী, নিরপরাধ শিশুসহ শতশত ঘরবাড়ি ধ্বংস করে মিসাইল বোমা নিক্ষেপ করে মানবাধিকার লঙ্ঘন করে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ইসরাইলের পক্ষে থাকে, টু শব্দটাও উচ্চারণ করে না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যারা মধ্যপ্রাচ্য, ইরাক,আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া,ইয়েমেনে মানুষের মৃত্যু এবং উদবাস্তু হওয়ার পিছনে দায়ী তারা আজকে বিশ্বকে মানবাধিকারের ছবক দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি পারস্পরিক আস্থা এবং বিশ্বাস উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আশা করে দু-দেশের জনগণের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নিতে মার্কিন প্রশাসন সিদ্ধান্ত গ্রহনে অধিকতর তথ্য নির্ভর এবং যত্নবান থাকবে।
যে কোন ইস্যু এলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আলাপ আলোচনা করে সুরাহার সুযোগ রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, তা না করে একপেশে কোন সিদ্ধান্ত বন্ধুপ্রতিম কোন দেশের প্রতি আস্থার বহিঃপ্রকাশ নয়। ইতিমধ্যে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ তার ক্ষোভ ও অসন্তোষের কথা জানিয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ





















