জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠন’—এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিরে আসে।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক।
এ সময় বক্তব্য দেন লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নানা প্রতিকূলতা ও সমস্যার মধ্যেও দেশের শিক্ষকরা জ্ঞান বিতরণের মহান কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। শিক্ষকরা বিভিন্ন ধরনের বঞ্চনা ও সংকটের মুখোমুখি হলেও শিক্ষার্থীদের গড়ে তোলার দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তারা বলেন, একজন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে যে আন্তরিক সম্মান ও ভালোবাসা পান, তার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না। শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি জাতি গঠনের অন্যতম প্রধান মাধ্যম।
বক্তারা আরও বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখনো নন-এমপিওভুক্ত। এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছেন। এতে বিশ্ব শিক্ষক দিবসের মূল অঙ্গীকার ব্যাহত হচ্ছে। তাই নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা এখন সময়ের দাবি।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমোহন উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসা জাতীয়করণের দাবিও জানানো হয়।
র্যালি ও আলোচনা সভায় লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস




















