শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও সাহিত্য-সংস্কৃতিকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। এর অংশ হিসেবে টাঙ্গাইলেও এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গালের জেলা প্রশাসক শরীফা হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা. লায়লা আঞ্জুমান বানু, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বিশিষ্ট সাংবাদিক ও নজরুল সাহিত্য পরিষদের সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ, সাহিত্য সম্পাদক কাজী বজলুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
জাতীয় সাংস্কৃতিক এ প্রতিযোগিতায় রয়েছে নজরুলসংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা।
নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে আরও নিবিড়ভাবে পরিচিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















