শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের ডেলফি করটিয়া এলাকায় অবৈধভাবে এলপিজি গ্যাস মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ‘আজাদ ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ৩০০ বোতল এলপিজি গ্যাস জব্দ করার পাশাপাশি এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার (১১ অক্টোবর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দল এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডেলফি করটিয়া এলাকার আজাদ ট্রেডিংয়ে গিয়ে এলপিজি গ্যাসের আমদানি ও ক্রয়-বিক্রিসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। এ সময় গোডাউনের কোনো বৈধ অনুমোদন দেখাতে পারেনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি ও অবৈধভাবে গ্যাস আমদানির প্রমাণ পাওয়া যায়।

অনিয়মের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির ৩০০ বোতল এলপিজি গ্যাস জব্দ করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, “অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি, অতিরিক্ত দামে বিক্রি এবং গোডাউনের কোনো কাগজপত্র না থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দ করা ৩০০ বোতল গ্যাস সাধারণ গ্রাহকদের কাছে সরকার নির্ধারিত সঠিক মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।”
বাজার ব্যবস্থা সচল রাখা এবং ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকা/এসএস






















