শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : কোনো ধরনের অন্যায় ও অনিয়মকে বিএনপি সরকার ছাড় দেবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখতে পাচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা অন্যায় করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে। একই সঙ্গে সমাজ থেকে মাদক দূর করার বিষয়েও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার চেষ্টা চলছে।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কমিটি গঠন করা হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সম্মিলিতভাবে কাজ করলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে।
মাদক সেবনের কারণে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতে পারে উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন।
প্রতিমন্ত্রী দাবি করেন, দেশে মাদক উৎপাদিত হয় না এবং পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক দেশে প্রবেশ করিয়ে যুবসমাজকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।
রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মাদকের বিষয়ে কোনো ধরনের তদবির করা যাবে না। নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
পুলিশ বাহিনীর সদস্যদের কেউ যেন মাদক-সম্পর্কিত কর্মকাণ্ডে জড়িত হতে না পারেন, সে বিষয়েও সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ উদ্যোগ সফল করা সম্ভব হবে।
কাবাডি প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের সংবর্ধনা
অনুষ্ঠানে টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলা পরিচালনা করেন প্রধান রেফারি আজগর আলী। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শওকত, মোস্তফা কামালসহ পাঁচজন।
কাবাডি প্রতিযোগিতা শেষে পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
ঢাকা/ইবিটাইমস/এসএস



















