বর্ষা আহমেদ বৃষ্টি : মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব সামনে তেলের দামে আরও বড় ধরনের উল্লম্ফন ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৬৫ ডলারের আশপাশে ছিল। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তা ১০০ ডলার ছাড়িয়ে যায়। এতে জ্বালানি বাজারে সরবরাহ ও মূল্য—দুই দিকেই নতুন করে চাপ তৈরি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে চলতি বছরের মার্চে বিশ্বের ৩২টি দেশ তাদের কৌশলগত মজুত থেকে ৪০ কোটির বেশি ব্যারেল তেল বাজারে ছাড়ে। এর ফলে বিশেষ করে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং তা কয়েক দশকের মধ্যে নিম্ন পর্যায়ে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে তেলের চাহিদা নিয়ন্ত্রণে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর কারণে চীন কিছুটা সুবিধা পেলেও দেশটির অপরিশোধিত তেল আমদানি আবারও বাড়তে শুরু করেছে। ফলে বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করার সুযোগও সীমিত হয়ে আসছে।
বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধ দ্রুত বন্ধ না হলে এবং হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহনে বাধা অব্যাহত থাকলে ১৯৭০-এর দশকের মতো বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হতে পারে। সে ক্ষেত্রে শুধু তেলের দাম বাড়াই নয়, বাজারে সরবরাহ ঘাটতি এবং জ্বালানি স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
এমন পরিস্থিতি তৈরি হলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য নিয়ন্ত্রণ করা সংশ্লিষ্ট দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
ঢাকা/এসএস






















