শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : দেশে মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করতে সরকারি মৎস্য খামারগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আটপুকুর পাড় এলাকায় অবস্থিত সরকারি মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সরকারি খামারের উৎপাদন সক্ষমতা বাড়ানোর তাগিদ
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি মৎস্য খামারগুলোর উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। এজন্য উন্নত ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যমান অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, পরিকল্পিতভাবে সরকারি মৎস্য খামারগুলোর উন্নয়ন করা হলে উন্নতমানের মৎস্যবীজ উৎপাদন বাড়ানো সম্ভব হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উৎপাদনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব
মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সরকারি মৎস্য খামারগুলোতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলে উৎপাদন কার্যক্রম আরও টেকসই ও সাশ্রয়ী হবে। বিশেষ করে সৌরবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি পরিবেশের ওপর চাপও কমানো সম্ভব।
২০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ সিস্টেম উদ্বোধন
সরকারি মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী খামারে স্থাপিত ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ সিস্টেম উদ্বোধন করেন।
পরে তিনি খামারের ব্রুড মাছের পুকুর পরিদর্শন করেন এবং মাছের উৎপাদন ও ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় খামার প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন তিনি।
খামারের চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখার সময় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। মৎস্য খাতের উন্নয়নে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা
পরিদর্শনকালে মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাসিব খান, বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, টাঙ্গাইলের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস





















