ইবিটাইমস ডেস্ক : রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটি ও মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
রিজভী বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের স্থায়ী কমিটি ও মহাসচিব পদ থেকে মির্জা ফখরুল পদত্যাগ করেছেন।
এর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী ঘোষণা করে ক্ষমতাসীন দল বিএনপি। দলের স্থায়ী কমিটির সভায় তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়। প্রার্থী ঘোষণার পরপরই তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করেন।
মির্জা ফখরুল ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। এরপর ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ সময় ধরে তিনি বিএনপির অন্যতম শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলের দুই প্রধান নেতা খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের লন্ডনে অবস্থানের সময় বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের সময় তিনি ছয়বার কারাগারে যান। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও দলের নেতৃত্ব দেওয়ার কারণে তিনি বিএনপিতে গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পান তিনি।
ঢাকা/এসএস




















