ইবিটাইমস ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, মোট মৃতের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০২ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ১০৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৬ জনে। একই সময়ে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
ঢাকা/এসএস





















