শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সামছুল আলম (শিবলী) বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন সুমন সভাপতি নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সভা শেষে বিদায়ী কমিটির নেতারা নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
**৩৭ বছরের পেশাগত অভিজ্ঞতা**
সাংবাদিকতা, প্রকাশনা, শিক্ষকতা ও প্রাতিষ্ঠানিক জনসংযোগ কার্যক্রমে দীর্ঘ ৩৭ বছরের অভিজ্ঞতা রয়েছে সামছুল আলম শিবলীর। তিনি ২০০৫ সালের ১৭ অক্টোবর মাভাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে প্রায় ১৭ বছর সাংবাদিকতা, তিন বছর প্রকাশনা সম্পাদনা এবং ছয় বছর শিক্ষকতায় যুক্ত ছিলেন। কর্মজীবনে তিনি সহকারী পরিচালক ও উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক পদে কর্মরত রয়েছেন।
শিবলীর সাংবাদিকতা জীবনের সূচনা ছাত্রাবস্থায়। ১৯৮৮ সালে নবম শ্রেণিতে পড়ার সময় জাতীয় দৈনিক ইনকিলাবের সম্পাদকীয় পাতার চিঠিপত্র কলামে লেখালেখির মাধ্যমে সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। পরবর্তী সময়ে তিনি দৈনিক জনতা, দৈনিক মুক্তকণ্ঠসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেন। গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক হিসেবেও কাজ করেছেন। তিনি গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনে সাত বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং সাংবাদিক সমিতির নেতৃত্ব দিয়েছেন।

**শিক্ষা ও পেশাগত দক্ষতায় সাফল্য**
শিক্ষাজীবন ও পেশাগত দক্ষতা উন্নয়নেও তাঁর রয়েছে ধারাবাহিক অগ্রযাত্রা। ধর্মতত্ত্বে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি তিনি আইন বিষয়ে স্নাতক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দ্বিতীয় স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন শেষে সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দুটি সেমিস্টারে প্রথম শ্রেণিতে প্রথম এবং দুটি সেমিস্টারে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। ‘সাংবাদিকদের সম্পর্কে গণমানুষের ভাবনা’ শিরোনামে তাঁর একটি গবেষণাও রয়েছে। এ ছাড়া সাংবাদিকতা, গণমাধ্যম, জনসংযোগ ও তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের ২৫টির বেশি প্রশিক্ষণে অংশ নিয়েছেন তিনি।
**সামাজিক ও পেশাজীবী সংগঠনে সম্পৃক্ততা**
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন সামছুল আলম শিবলী। তিনি রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাংলাদেশ জনসংযোগ সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে এবার সংগঠনটির নেতৃত্বে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।
**জনসংযোগ কার্যক্রম আধুনিকায়নে কাজ করার প্রত্যয়**
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সামছুল আলম শিবলী বলেন, “মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘ কর্মযাত্রা আমার জীবনের এক অনন্য অধ্যায়। জনসংযোগবিদ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে উপলব্ধি করেছি, জনসংযোগ কেবল সংবাদ প্রচারের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আস্থা, সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার সেতুবন্ধন।”
তিনি আরও বলেন, “নতুন দায়িত্বে বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ কার্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার করে তোলা এবং সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা জোরদারে কাজ করতে চাই।”
উল্লেখ্য, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ দপ্তরে কর্মরত কর্মকর্তাদের পেশাগত ঐক্য প্রতিষ্ঠা, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ২০২০ সালে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) যাত্রা শুরু করে।
ঢাকা/এসএস





















