জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় বিষধর সাপের কামড়ে পবিত্র বালা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পবিত্র বালা ওই এলাকার অক্ষয় বালার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশের ধানক্ষেত দেখতে যান পবিত্র বালা। এ সময় তিনি মুঠোফোনে এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন। ধানক্ষেতের কাছে গেলে একটি সাপ তাঁর পায়ে কামড় দেয়। পরে তিনি বাড়িতে ফিরে যান।

একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাঁকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কারও পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ঢাকা/এসএা






















