ইবিটাইমস ডেস্ক : জামায়াতে ইসলামী মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখানোর কথা বললেও দলটির সেই পথ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটি ‘দাজ্জালের জান্নাত’।
বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, জামায়াতের আমির বলেছেন, দলটি মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেয়। এ প্রসঙ্গে হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, কিয়ামতের আগে দাজ্জালও মানুষকে জান্নাত দেখিয়ে নিজের অনুসরণ করতে বলবে।

এরপর জামায়াতের দেখানো জান্নাতের পথ নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন লেখেন, ‘আমি জানি না, জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়?’
জামায়াতের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি কয়েকটি বিষয় সামনে আনেন। এর মধ্যে রয়েছে ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠার প্রশ্নে দলটির অবস্থান, গাজী নজরুল ইসলামের প্রসঙ্গ, শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের পক্ষে আইনজীবী হওয়ার অভিযোগ এবং রোজা ও পূজাকে ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলার বিতর্ক।
এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের ভোট, কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া এবং জান্নাতের টিকিট দেওয়ার বক্তব্য নিয়েও জামায়াতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গেও জামায়াতের সমালোচনা করেন রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগের বিচার না চেয়ে সাধারণ ক্ষমা ঘোষণার অবস্থান নেওয়া জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
স্ট্যাটাসের শেষাংশে জামায়াতের বিরুদ্ধে মিথ্যা ও ধোঁকাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, দলটি মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটি ‘দাজ্জালের জান্নাত’।
ঢাকা/এসএস





















