শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন, টাঙ্গাইল’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বাদ মাগরিব টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের ‘ফুড গার্ডেন অ্যান্ড পার্টি সেন্টার’-এ এ উপলক্ষে বিশেষ বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. আব্দুল কাদের খান ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু
অনুষ্ঠানের শুরুতে সংগঠন ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সংগঠনের সভাপতি মো. আব্দুল কাদের খান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এর আগে পরিচয়পর্ব ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়
মুক্ত আলোচনায় বিশিষ্ট ব্যবসায়ী হারুনসব বলেন, মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃত্তির আয়োজন করা যেতে পারে।
সাংবাদিক শফিকুজ্জামান খান মোস্তফা বলেন, সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। কাতুলীর উন্নয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কাজ করার পাশাপাশি সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে গাছ লাগানোর উপযুক্ত সময়। তাই সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিও আয়োজন করা যেতে পারে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর খান।
আলোচনা সভায় বক্তারা ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি আগামী দিনে এলাকার উন্নয়ন ও সামাজিক সেবামূলক কার্যক্রম আরও জোরদার করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




















