জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
কয়েক বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে প্যারালাইসিসে ভুগছেন রফিকুল ইসলাম। এ কারণে তিনি বাকশক্তিও হারিয়েছেন। পরিবারের নির্দিষ্ট কোনো আয়ের উৎস না থাকায় দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবারটি।
সোমবার সকালে হাফিজ উদ্দিন আহমেদের দেওয়া অনুদানের অর্থ রফিকুল ইসলামের হাতে তুলে দেন লালমোহন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহীন পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিরব হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসান ও সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার। এ ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
রফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়ায় হাফিজ উদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
ঢাকা/এসএস




















