শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, বাংলাদেশে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলে কোনো ভেদাভেদ নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) টাঙ্গাইল শ্রী শ্রী কালীবাড়ির উদ্যোগে আয়োজিত শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পূজার উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তাই ভয়ভীতির কোনো কারণ নেই। সবাই যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে সারা দেশে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি ও কালীবাড়ির প্রধান উপদেষ্টা শ্যামল হোড়, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক অমল ব্যানার্জি, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান শফিক, কালীবাড়ির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরীসহ অন্যরা।
এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস





















