শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে এক শিশুর ওপর যৌন নিগ্রহের মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফ (২৩) এবং একই এলাকার আয়নারের ছেলে রুবেল (২৩)।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ভুক্তভোগী শিশুটি পরিবারের অমতে তার পছন্দের এক যুবককে বিয়ে করেছিল। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর মধ্যরাতে ভুক্তভোগী তার স্বামীর সঙ্গে বাড়ির বাইরে দেখা করতে গেলে সেখানে আরিফ ও রুবেল উপস্থিত হন।
মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা ভুক্তভোগীর স্বামীকে এক ঘণ্টারও বেশি সময় একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন এবং এ সময় শিশুটির ওপর পালাক্রমে যৌন নিগ্রহ চালান। পরে তারা ভুক্তভোগী ও তার স্বামীকে ছেড়ে দেন।
ঘটনার ছয় দিন পর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।
দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বুধবার তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডের আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট খন্দকার মো. রোকুনুজ্জামান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট হারাধন চন্দ্র সিংহ।
ঢাকা/এসএস




















