শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন পৌর শহরে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি আদালত প্রাঙ্গণের পশ্চিম পাশে অবস্থিত পাঁচতলা একটি ভবনের মালিক। গত রোববার বিকেলে বাসা থেকে বাজারে যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পরিবার।
নিখোঁজ মিজানুর রহমানের স্ত্রী সুলতানা আফরোজ চরফ্যাশন সরকারি টি. ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষিকা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সুলতানা আফরোজ জানান, গত রোববার বিকেলে তার স্বামী বাসা থেকে চরফ্যাশন বাজারে যান। সন্ধ্যার পরও তিনি বাড়িতে না ফেরায় একাধিকবার ফোন করা হয়। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যরা বাজারসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সুলতানা আফরোজ দাবি করেন, তার স্বামীর সঙ্গে তার আপন ভাই মনির বেপারী ও আকবর বেপারীর দীর্ঘদিন ধরে পাঁচতলা ভবনের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে তার স্বামী নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে।
তিনি দ্রুত তার স্বামীকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে মিজানুর রহমানের ছোট ভাই মনির বেপারীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘অভিযোগ পেয়েছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।’
ঢাকা/ইবিটাইমস/এসএস



















