ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশের বাজারে নতুন EOS R8 Mark II ক্যামেরা উন্মোচন করেছে জাপানের বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যানন। ২৪.২ মেগাপিক্সেলের এই ক্যামেরাটি কমপ্যাক্ট ও হালকা ওজনের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা। আগের EOS R8 মডেলের উত্তরসূরি হিসেবে এতে যুক্ত করা হয়েছে নতুন সৃজনশীল সুবিধা, সহজ ইন্টারফেস, উন্নত অটোফোকাস এবং সমন্বিত স্থিতিশীলতা প্রযুক্তি। ক্যাননের উচ্চতর মডেলগুলোর বেশ কিছু প্রযুক্তিও এতে যুক্ত করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন ক্যামেরাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ক্যানন সিঙ্গাপুরের সিনিয়র ডিরেক্টর (রিজিওনাল সেলস অ্যান্ড মার্কেটিং) নাগাই কাতসুয়ুকি বলেন, নতুন নকশা, সহজ ও স্বজ্ঞাত ফিচার এবং উন্নত ইমেজিং প্রযুক্তির মাধ্যমে ক্যামেরাটি সব পর্যায়ের ফটোগ্রাফারকে নতুন সৃজনশীল সম্ভাবনা খুঁজে নিতে এবং নিজস্ব দৃশ্যশৈলী গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।
ছোট, হালকা ও হাতে আরামদায়ক
ক্যাননের দাবি, ইন-বডি ইমেজ স্ট্যাবিলাইজেশন (IBIS) ব্যবস্থাসহ EOS R8 Mark II তাদের সবচেয়ে ছোট ও হালকা ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা। এর আকার প্রায় ১৩১.৪ × ৯০.০ × ৭৯.৭ মিলিমিটার এবং ব্যাটারি ও মেমোরি কার্ডসহ ওজন প্রায় ৫৪৬ গ্রাম।
ক্যাননের পরিচিত পেন্টাপ্রিজম আকৃতির আধুনিক রূপ হিসেবে ক্যামেরাটির নকশায় সরল রেখা ও বাঁকের সমন্বয় করা হয়েছে। পাশাপাশি এর গ্রিপ এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দীর্ঘ সময় ধরে ক্যামেরা হাতে রাখলেও ব্যবহারকারীর জন্য আরামদায়ক হয়।
এই শ্রেণির EOS R সিরিজের ফুল-ফ্রেম ক্যামেরাগুলোর মধ্যে এটি প্রথম, যেখানে উচ্চতর মডেলের মতো মাল্টি-কন্ট্রোলার বা জয়স্টিক রয়েছে। এর মাধ্যমে ভিউফাইন্ডারে চোখ রেখেই দ্রুত অটোফোকাসের স্থান নিয়ন্ত্রণ করা যায়।
বড় হাতের ব্যবহারকারীদের জন্য আলাদা Extension Grip ব্যবহার করা যাবে। এটি সহজে লাগানো ও খোলা যায়। একই সঙ্গে ট্রাইপডে ক্যামেরা বসানো এবং ব্যাটারি পরিবর্তনেও এটি সুবিধা দেবে।
কম আলোতেও ভালো ছবি
ফুল-ফ্রেম সেন্সর এপিএস-সি সেন্সরের তুলনায় প্রায় ২.৫ গুণ বেশি জায়গায় আলো ধারণ করতে পারে। ফলে কম আলোতেও ছবির মান ও অটোফোকাসের কার্যক্ষমতা ভালো থাকে।
একই ফোকাল লেন্থে দৃশ্যের পরিধিও বেশি পাওয়া যায়। ফলে আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে নাটকীয় ছবি তোলার পাশাপাশি সামনে ও পেছনের অংশে সুন্দর বোকেহ বা ঝাপসা আবহ তৈরি করাও সহজ হবে।
ক্যামেরাটিতে ধীরগতির শাটারে হাত কেঁপে ছবি ঝাপসা হওয়ার প্রবণতা কমাতে রয়েছে ৫-অ্যাক্সিস ইন-বডি ইমেজ স্ট্যাবিলাইজেশন। আরএফ লেন্সের নিজস্ব স্ট্যাবিলাইজেশনের সঙ্গে এটি একত্রে ব্যবহার করলে সমন্বিত নিয়ন্ত্রণ প্রযুক্তির মাধ্যমে কেন্দ্রে সর্বোচ্চ ৭.৫ স্টপ এবং প্রান্তে ৭.০ স্টপ পর্যন্ত স্থিতিশীলতা পাওয়া যাবে।
দ্রুতগতির অটোফোকাস ও ৪০ এফপিএস শুটিং
চলমান মুহূর্ত ধরে রাখতে ক্যামেরাটিতে রয়েছে Dual Pixel CMOS AF II প্রযুক্তি। এতে প্রি-কন্টিনিউয়াস শুটিংয়ের পাশাপাশি ইলেকট্রনিক শাটারে সর্বোচ্চ ৪০ ফ্রেম প্রতি সেকেন্ডে (FPS) টানা ছবি তোলার সুবিধা রয়েছে।
এ ছাড়া আগে থেকে নিবন্ধিত কোনো ব্যক্তিকে অগ্রাধিকার দিয়ে অনুসরণ করার সুবিধাও রয়েছে। ভিড়ের মধ্যে নির্দিষ্ট ব্যক্তিকে ফোকাসে রাখতে এই ফিচারটি কাজে আসবে।
নিজের মতো করে ছবি সাজানোর সুবিধা
ছবি ও ভিডিওতে সম্পাদনা ছাড়াই পছন্দের রং ও আবহ তৈরি করতে দুটি নতুন কালার ফিল্টার যুক্ত করা হয়েছে—Negative Film Tone ও Positive Film Tone।
আগের ১৪টি ফিল্টারের পাশাপাশি নতুন ফিল্টারগুলোর তীব্রতাও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যাবে। হাতে ধরে রাতের দৃশ্য ধারণের মোডে নীল, কালো-কমলা, গোলাপি ও সবুজ—এই চারটি অতিরিক্ত রঙের বিকল্প রয়েছে।
টাইম-ল্যাপস ভিডিওর জন্য থাকছে এক্সপোজার স্মুথিং, টাইমার অগ্রাধিকার এবং বিলম্বিত শুরুর মতো সুবিধা।
নতুনদের জন্য রয়েছে Creative Auto Mode। ক্যাননের ফুল-ফ্রেম ক্যামেরায় প্রথমবারের মতো যুক্ত হওয়া এই মোডে সহজ ইন্টারফেসের মাধ্যমে ধাপে ধাপে ক্যামেরা ব্যবহারের দক্ষতা বাড়ানো যাবে। ভিডিওতেও পটভূমি ঝাপসা করার সুবিধা রয়েছে। পাশাপাশি স্লো ও ফাস্ট মোশন ভিডিও এবং সিনেমা ভিউ মোডও থাকছে।
ভিডিও নির্মাতাদের জন্যও নানা সুবিধা
ভিডিও নির্মাতাদের কথা মাথায় রেখেও EOS R8 Mark II-তে বেশ কিছু সুবিধা রাখা হয়েছে। ক্যামেরাটি ৬কে ফুটেজ থেকে তৈরি ৪কে ৬০পি ভিডিও এবং শব্দসহ সর্বোচ্চ ফুল এইচডি ১৮০পি পর্যন্ত ভিডিও ধারণ করতে পারে।
রঙ সংশোধনের জন্য রয়েছে Canon Log 3। সিনেমা EOS সিরিজ থেকে নেওয়া Custom Picture সুবিধার মাধ্যমে নিজস্ব লুকআপ টেবিল (LUT) ব্যবহার করা এবং ছবির বিভিন্ন বৈশিষ্ট্য সূক্ষ্মভাবে পরিবর্তন করা যাবে।
সরাসরি সম্প্রচারের জন্য তারযুক্ত ও তারবিহীন—মোট চার ধরনের বিকল্প রয়েছে। Live Switcher Mobile অ্যাপের মাধ্যমে একাধিক অ্যাঙ্গেল থেকেও সরাসরি সম্প্রচার করা সম্ভব।
ভিআর কনটেন্টেও ব্যবহার করা যাবে
ভার্চুয়াল রিয়েলিটি (VR) কনটেন্ট তৈরির ক্ষেত্রেও ক্যামেরাটি ব্যবহার করা যাবে। এটি ফুল-ফ্রেম ও এপিএস-সি ভিআর লেন্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নতুন VR Clear Mode ভিআর গগলসে কনটেন্ট দেখার সময় কনট্রাস্ট ও স্পষ্টতা বাড়াতে সহায়তা করবে। এ ছাড়া নতুন Dual Pixel 3D Converter সফটওয়্যারের মাধ্যমে স্থিরচিত্রকে থ্রিডি ছবিতে রূপান্তর করার সুবিধাও রয়েছে।
নতুন তিন আনুষঙ্গিক পণ্য
EOS R8 Mark II-এর সঙ্গে তিনটি নতুন আনুষঙ্গিক পণ্যেরও ঘোষণা দিয়েছে ক্যানন। এগুলো হলো—Extension Grip EG-E2, ব্লুটুথ রিমোট কন্ট্রোলারসহ Tripod Grip HG-100TBR এবং Speedlite EL-5 (Version 2)।
নতুন Speedlite EL-5-এর তারবিহীন যোগাযোগের পরিসর বাড়িয়ে প্রায় ৫০ মিটার করা হয়েছে।
ঢাকা/এসএস






















