ৌস্টাফ রিপোর্টার : যশোরের শার্শা উপজেলার নাভারন বুরুজবাগান এলাকা থেকে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৯০ গ্রাম। এ সময় স্বর্ণ চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে নাভারন দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন নাভারন-সাতক্ষীরাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
শার্শা থানা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা আরও দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি কৌশলে পালিয়ে যান।
পরে আলাউদ্দীনের হেফাজত থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা প্রায় ১৮০ ভরি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত চোরাচালান মামলা দায়ের করা হয়েছে। আটক আলাউদ্দীনকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/এসএস





















