শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সামছুল আলম (শিবলী) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। নতুন কমিটির মেয়াদ দুই বছর।
কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রফিকুল ইসলাম পান্না। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আলী এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. নজরুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের খলিলুর রহমান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. সাইফুল ইসলাম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. বাবুল হোসেন বাবু।

এ ছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আল-আমিন খান সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফরহাদ রহমান সরকার দপ্তর সম্পাদক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মো. সালমান সাদেকীন চয়ন প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের মোস্তাক জাহান সমাজকল্যাণ সম্পাদক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ রাশেদুল ইসলাম ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. বশিরুল ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোলাম মর্তুজা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কামরুন নাহার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদেমুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মো. সাহেদ হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খন্দকার মোয়াজ্জেম হোসেন এবং ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের আবু সালেহ মুহাম্মদ মূসা।
সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মো. আবুল কাসেম শিখদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সভা শেষে বিদায়ী কমিটির নেতারা নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
উল্লেখ্য, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে ২০২০ সালে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) যাত্রা শুরু করে।
ঢাকা/এসএস





















