ইবিটইমস ডেস্ক : এশিয়ান গেমস ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ-মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
২০২২ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে আন্তর্জাতিক ক্রিকেটে একবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও মালয়েশিয়া। ওই ম্যাচে মাত্র ২ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।
সম্প্রতি বাংলাদেশ সফরে এসে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে সিরিজও খেলেছে মালয়েশিয়া।
এবারের এশিয়ান গেমসে ‘বি’ গ্রুপে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে মালয়েশিয়া। ওমানের বিপক্ষে ম্যাচটি টানা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দুই দল পয়েন্ট ভাগ করে নেয়। দুই পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে হংকং। এক পয়েন্ট পাওয়া ওমান বিদায় নিয়েছে।
‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেপাল ও আফগানিস্তান। বৃষ্টির কারণে জাপানের বিপক্ষে নেপালের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপের শীর্ষে থেকে শেষ আট নিশ্চিত করেছে নেপাল। বাদ পড়েছে স্বাগতিক জাপান।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল।
এর মধ্যে আজ অনুষ্ঠিত পাকিস্তান-হংকং ও আফগানিস্তান-ভারতের দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ও ভারত।
প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের বিজয়ী দল।
বৃষ্টি যদি বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচও পরিত্যক্ত করে, সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘বৃষ্টিতে খেলা না হলে কিছু করার থাকবে না। আগেই বলেছি, বৃষ্টির ওপর কারও হাত নেই।’
পদকের কথা এখনই না ভেবে প্রথম ম্যাচেই মনোযোগ দেওয়ার কথা জানিয়ে লিটন বলেন, ‘দেশ ছাড়ার আগে আমি একটা কথা বলেছিলাম, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে ফাইনালে যাওয়া। স্বর্ণপদক পাবো কিনা, সেটা পরের বিষয়। তবে কালকের ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপাতত ওই ম্যাচের দিকে আমরা মনোযোগ দিচ্ছি।’
বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও ম্যাচটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমাদের জন্য প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ৫-৭ দিন ম্যাচ ছাড়া সরাসরি খেলাটা আসলে খুব কঠিন হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল প্রেসার ম্যাচ, কারণ এটা নকআউট স্টেজ। আমরাও জানি এটার গুরুত্ব কতটুকু। আমাদের মোটিভেশনের কোনো অভাব নেই। ইনশাআল্লাহ ভালো করব।’
অন্যদিকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে নেপাল ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। মঙ্গলবার সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে।
ঢাকা/এসএস





















