ইবিটাইমস ডেস্ক : সৌদি আরবের কাছে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত অস্ত্রের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের বোমা, বোমার লক্ষ্য নির্ধারণ ও পরিচালনায় ব্যবহৃত গাইডেন্স কিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদির আকাশ প্রতিরক্ষা জোরদারে সহায়তা করবে
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রির ফলে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে।
একই সঙ্গে আঞ্চলিক হুমকি মোকাবিলা, সৌদি ভূখণ্ডের প্রতিরক্ষা জোরদার এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনী ও অন্যান্য অংশীদারদের সঙ্গে প্রতিরক্ষা সমন্বয় বাড়াতেও এই অস্ত্র সহায়তা করবে বলে জানিয়েছে ওয়াশিংটন।
ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদি
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী চলমান যুদ্ধের মধ্যে সৌদি আরবও একাধিক হামলার মুখে পড়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর ইরানি বাহিনী এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, সৌদি আরবের নিরাপত্তা জোরদার করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।
বিবৃতিতে সৌদি আরবকে ‘ন্যাটো জোটের সদস্য নয়, এমন একটি প্রধান মিত্র’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।
চূড়ান্ত অনুমোদন দেবে কংগ্রেস
অস্ত্র বিক্রির প্রস্তাবের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির কংগ্রেসকে অবহিত করেছে। তবে প্রক্রিয়াটি চূড়ান্ত করতে মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদন প্রয়োজন।
প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদিত হলে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হতে পারে।
ঢাকা/এসএস




















