মোঃ সোয়েব মেজবাহউদ্দিন, স্টাফ রিপোর্টার : তথ্যসমাজবিষয়ক জাতিসংঘ গ্রুপের (ইউএনজিআইএস) বহু অংশীজনভিত্তিক পরামর্শক গোষ্ঠীর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান।
ইউএনজিআইএসের মাল্টি-স্টেকহোল্ডার কনসালটেটিভ গ্রুপ (ইউএনজিআইএস-এমসিজি) নামে পরিচিত এই পরামর্শক গোষ্ঠীতে তিনি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়ন, কমিউনিটি গণমাধ্যম ও তথ্যপ্রাপ্তি বিষয়ে তাঁর অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি ডিজিটাল সহযোগিতা এবং তথ্যসমাজবিষয়ক বিশ্বসম্মেলনে (ডব্লিউএসআইএস) গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের আলোচনায় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।
মানুষকে কেন্দ্রে রেখে অধিকারভিত্তিক ডিজিটাল উন্নয়নের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরামর্শক গোষ্ঠীতে অবদান রাখবেন বজলুর রহমান। ডিজিটাল অন্তর্ভুক্তি, ইন্টারনেট গভর্ন্যান্স, দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যের অখণ্ডতা, ডিজিটাল কূটনীতি এবং নীতিনির্ধারণের ক্ষেত্রে গণতান্ত্রিক অংশগ্রহণ ও স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার বিষয়ে কাজ করবেন তিনি।
ইউএনজিআইএস-এমসিজি সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, প্রযুক্তি সম্প্রদায়, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ইউএনজিআইএসের মতবিনিময়ের সুযোগ তৈরি করে। এর মাধ্যমে সদস্যরা ইউএনজিআইএসের অগ্রাধিকার সম্পর্কে হালনাগাদ তথ্য জানতে পারেন এবং নিজেদের মতামত ও পরামর্শ দিতে পারেন।

গোষ্ঠীটির ভূমিকা মূলত পরামর্শমূলক। বিভিন্ন অংশীজনের মধ্যে সংলাপ, সমন্বয় ও সহযোগিতা জোরদার করাই এর অন্যতম উদ্দেশ্য। বর্তমানে ইউএনজিআইএসে ৩১টি সদস্যসংস্থা ও ২১টি পর্যবেক্ষক সংস্থা রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের এ/আরইএস/৮০/১৭৩ নম্বর প্রস্তাবসহ ডব্লিউএসআইএস+২০ পর্যালোচনার ফলাফল এবং বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে এই পরামর্শক গোষ্ঠী গঠিত হয়েছে। উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিশনের (সিএসটিডি) ২৯তম বার্ষিক অধিবেশন, বার্ষিক ডব্লিউএসআইএস ফোরাম এবং ইউএনজিআইএসের অন্যান্য আয়োজনেও এ বিষয়ে মতামত উঠে আসে।
তথ্যসমাজবিষয়ক বিশ্বসম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের কাঠামো হিসেবে কাজ করে ইউএনজিআইএস। টেকসই উন্নয়নের লক্ষ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারসংক্রান্ত বিষয়ে জাতিসংঘব্যবস্থার মধ্যে নীতিগত সামঞ্জস্য ও সহযোগিতা বাড়ানো এর অন্যতম লক্ষ্য।
২০০৫ সালের তথ্যসমাজবিষয়ক তিউনিস এজেন্ডার আহ্বানের পরিপ্রেক্ষিতে ২০০৬ সালের এপ্রিলে জাতিসংঘব্যবস্থার প্রধান নির্বাহীদের সমন্বয় বোর্ড (সিইবি) ইউএনজিআইএস প্রতিষ্ঠা করে। অংশগ্রহণকারী সংস্থাগুলোর নিজস্ব কর্মপরিধির মধ্যে সমন্বয় জোরদার, কাজের পুনরাবৃত্তি কমানো এবং যৌথ উদ্যোগের কার্যকারিতা বাড়াতে কাজ করে সংস্থাটি।
ডিজিটাল অন্তর্ভুক্তি, কমিউনিটি গণমাধ্যম ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে কাজের জন্য বিএনএনআরসি আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। সংস্থাটি ২০১৬ সালে জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার অর্জন করে। এ ছাড়া ২০১৭, ২০১৯, ২০২০, ২০২১, ২০২৩ ও ২০২৫ সালে ডব্লিউএসআইএস চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পায়।
ইউএনজিআইএসের পরামর্শক গোষ্ঠীতে এ এইচ এম বজলুর রহমানের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক পর্যায়ে ডিজিটাল উন্নয়ন, তথ্যপ্রাপ্তির অধিকার এবং কমিউনিটি গণমাধ্যম বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরার একটি সুযোগ তৈরি করবে।
ঢাকা/এসএস






















