শেখ ইমন, ঝিনাইদহ : মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। শনিবার উপজেলার কুমার নদের দেবতলা ও দামুকদিয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন। এ সময় শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযান চালিয়ে মোট ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। মৎস্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

পরে কবিরপুর নতুন ব্রিজের পাশে জনসম্মুখে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, চায়না দুয়ারী জাল ব্যবহারের কারণে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও মাছের পোনা ধ্বংস হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষা এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
তিনি আরও বলেন, কেউ নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















