জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে একটি কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার (৫০ ব্যারেল) অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। জব্দ করা তেলের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশে ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে অভিযান চালায় লালমোহন থানা পুলিশ। এ সময় মিনা চানাচুর ফ্যাক্টরির সামনে সড়কের ওপর রাখা একটি কাভার্ড ভ্যান থেকে ২২ ব্যারেল এবং পরে ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিনের গোডাউন থেকে আরও ২৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ ব্যারেল তেল বোঝাই কাভার্ড ভ্যানটি ফ্যাক্টরির সামনে রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে লালমোহন থানায় নিয়ে যায়। কাভার্ড ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৯-৫৬৪৬। পরে গাড়িটির ভেতর থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করে জব্দ করে পুলিশ।
এরপর পুলিশ মিনা চানাচুর ফ্যাক্টরির গোডাউনে অভিযান চালিয়ে আরও ২৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করে। সব মিলিয়ে ৫০ ব্যারেল বা প্রায় ৯ হাজার লিটার তেল জব্দ করা হয়।

এ ঘটনায় ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিন, নাজিম উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘদিন ধরে মিনা চানাচুর ফ্যাক্টরিতে অপরিশোধিত ও ভেজাল সয়াবিন তেল ব্যবহার করে চানাচুর তৈরি ও বাজারজাত করা হয়ে আসছে। তাদের অভিযোগ, এসব খাদ্যপণ্য খেয়ে মানুষ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম-এর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ভোলা জেলা পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ জনগণের পাশে থাকবে বলেও বার্তায় উল্লেখ করা হয়।
ঢাকা/এসএস





















