ইবিটাইমস ডেস্ক : সীমান্তবর্তী এলাকায় রাতের অন্ধকারে অভিযান চালিয়ে গোপনে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রাম থেকে এ তেল উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানা ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত টানা প্রায় দুই ঘণ্টা অভিযান চালায়। এ অভিযানে পুলিশ একটি গুদাম থেকে ২৬টি ব্যারেলে সংরক্ষিত মোট ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করে। এসময় আবু সুফিয়ান নামে একজনকে আটক করে পুলিশ। আটক আবু সুফিয়ান দক্ষিণ শালিকা গ্রামের সুরত আলীর পুত্র এবং ফারাবি ট্রেডার্সের স্বত্বাধিকারী।
পুলিশ জানায়, সীমান্তের তারকাঁটা বেড়া থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে অবস্থিত একটি গুদামে গোপনে তেল মজুদের তথ্য পেয়ে তারা অভিযান পরিচালনা করে। অভিযানে আবু সুফিয়ানের মালিকানাধীন ‘ফারাবী ট্রেডার্স’ নামের একটি দোকানের গুদাম থেকে ২৬টি ব্যারেলে সংরক্ষিত মোট ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়।
স্থানীয়দের মতে, গভীর রাতে হঠাৎ পুলিশি তৎপরতায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই ধারণা করছেন, দীর্ঘদিন ধরেই সেখানে তেল মজুত করা হচ্ছিল। কিন্তু বিষয়টি গোপন রাখা হয়েছিল।
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের আইনের আওতায় আনা হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবু সুফিয়ান অবৈধভাবে ডিজেল মজুত করে তা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন। তবে অভিযানের সময় তিনি জ্বালানি মজুতের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। জব্দ করা তেলের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে বলে তিনি জানান।
ঢাকা/এসএস










