জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে ২০২৬ সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা সভাপতি আব্দুল হালিম সভাপতিত্ব করেন। জেলা সেক্রেটারি আল আমিনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা অর্থ সম্পাদক ওমর শরীফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সুমন সরকার ও ডা. সিফাতুল্লাহ সজিব।
অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বিডিপির কেন্দ্রীয় সদস্য সচিব নিজামুল হক নাঈম এবং ওলামা বিভাগের কেন্দ্রীয় নেতা ড. মুফতি কামরুল হাসান শাহিন।
এ সময় লালমোহন কামিল মাদরাসার মুহাদ্দিস ও জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আব্দুল হক, ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক আব্দুজ জাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ২০২৬ সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া লালমোহন উপজেলার ২০০ জন কৃতী শিক্ষার্থীর হাতে বই, ফুল, ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে তাদের শিক্ষা ও জ্ঞানচর্চায় আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। ব্যতিক্রমধর্মী এ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস



















