বর্ষা আহমেদ বৃষ্টি : গোবিন্দগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সি শিশু মিম আক্তার ও তার ফুফাতো বোন কবির মন্ডলের মেয়ে আফরিন আক্তার খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

পরিবারের লোকজন দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জহুরুল হক পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/এসএস










