নিজস্ব প্রতিনিধিঃ জ্বালানি তেলের দাম বাড়ার পর স্বল্প ও দূরপাল্লার বাসের ভাড়া বাড়িয়েছে পরিবহন মন্ত্রণালয়। প্রতি কিলোমিটারে ভাড়া ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। যার ফলে ৫২ সিটের বাসে ১০০ কিলোমিটার যাত্রায় ভাড়া বাড়বে ১৭ টাকা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাস ও মিনিবাসের এই নতুন ভাড়া ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
দূরপাল্লার বাসের ক্ষেত্রেও একই নিয়মে ভাড়া বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সার পরিবর্তে এখন দিতে হবে ২ টাকা ৪০ পয়সা। অর্থাৎ ৫২ সিটের বাসে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিতে আগের তুলনায় ১৭ টাকা বেশি গুনতে হবে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাভুক্ত এলাকাতেও বাসভাড়া বাড়ানো হয়েছে। সেখানে প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সায়।
মন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি করে এই নতুন ভাড়া নির্ধারণ করা এবং এদিন থেকেই কার্যকর হবে পরিবহনের নতুন ভাড়া।
বর্ষা আহমেদ বৃষ্টি/ইবিটাইমস/এম আর




















